শতাব্দীর সাক্ষী: খুলনা জিলা স্কুলের গৌরবময় ইতিহাস
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রূপসী রূপসা ও শান্ত ভৈরব নদীর তীরে সবুজ বৃক্ষরাজি, সুশোভিত ছায়াঘেরা এবং পাখিডাকা নৈসর্গিক শোভায় সুসজ্জিত শিল্পনগরী খুলনার অবস্থান। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের কোলঘেঁষে, বঙ্গোপসাগরের পলল গঠিত ও সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই তৃতীয় বৃহত্তম শহরের প্রাণকেন্দ্রে সগৌরবে দাঁড়িয়ে আছে শতাব্দীর ঐতিহ্যের স্বাক্ষর বহনকারী প্রাচীনতম বিদ্যাপীঠ ‘খুলনা জিলা স্কুল’। ঐতিহ্যবাহী অতীত ও দ্যুতিময় বর্তমান নিয়ে এটি আজ শহরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠার ইতিহাস ও পটভূমি
এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার সঠিক সময় নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে, ১৮৫৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং সে সময় এর নাম ছিল ‘খুলনা হাই স্কুল’। সেই হিসেবে এটি খুলনা শহরের প্রথম প্রতিষ্ঠিত স্কুল। আবার অন্য একটি মত অনুযায়ী, এটি প্রতিষ্ঠিত হয় ১৮৭৩ সালে; সেক্ষেত্রে এটি শহরের দ্বিতীয় প্রাচীনতম স্কুল (প্রথমটি ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত খুলনার দৌলতপুরস্থ মুহসিন হাই স্কুল)।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কাদের অবদান ছিল, তা স্পষ্টভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা ছিল বলে অনুমান করা হয়। তবে বেলফুলিয়ার নিবাসী বাবু সাতুরাম মজুমদার তার নিজ জমি ও অর্থ দিয়ে স্কুলের প্রথম পাকা ভবনটি নির্মাণ করেন। কয়লাঘাটা নিমক চৌকির দারোগা সাতুরাম মজুমদারের স্মরণে উক্ত ভবনে একটি স্মৃতিফলকও লাগানো ছিল, যা পরবর্তীতে নির্মিত বর্তমান খুলনা জিলা স্কুলের মূল লাল দালানের সাথে সংযোজিত করা হয়—কারণ প্রথম ভবনটির বর্তমান আর কোনো অস্তিত্ব নেই। প্রতিষ্ঠার ৬-৭ বছরের মধ্যে বিদ্যালয়টি একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয়। সে সময় খ্যাতিমান শিক্ষক বাবু সারদা চরণ মিত্র প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
অল্পসংখ্যক ছাত্র নিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে ছাত্রসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং শুরু থেকেই বিদ্যালয়টির পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত প্রশংসনীয় ছিল। ১৮৮৩ সালের হান্টার কমিশনের রিপোর্ট অনুযায়ী, ১৮৮৫ সালের এপ্রিল মাসে তৎকালীন ব্রিটিশ সরকার এই বিদ্যাপীঠের নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। তখন থেকেই বিদ্যালয়টি ‘খুলনা জিলা স্কুল’ নামে পরিচিত লাভ করে এবং ক্যালকাটা বিশ্ববিদ্যালয় একে স্থায়ী স্বীকৃতি প্রদান করে। সুদৃশ্য লাল রঙের ঐতিহাসিক ভবনটি আজও সেই সময়ের স্মৃতি বহন করছে। মূল কাঠামোগত রূপ অক্ষুণ্ণ রেখেই ভবনটি ১৯৯৫ সালে সংস্কার করা হয়। একসময়ে এ বিদ্যালয়ে আরবি, ফার্সি ও উর্দু ভাষা শিক্ষা চালুর নজিরও রয়েছে।
১৯৬৩ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার টেকনিক্যাল শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যালয়ের মাঠের উত্তর পাশে একটি তিনতলা ভবন নির্মাণ করে, যা বর্তমানে ‘প্রশাসনিক ভবন’ নামে পরিচিত। সে যুগে এ ধরনের বিশেষায়িত বিদ্যালয় কম থাকায় দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসত। দূরের শিক্ষার্থীদের আবাসনের জন্য মুসলিম ও হিন্দু ছাত্রদের জন্য আলাদা ছাত্রাবাস নির্মিত হয়, যার জরাজীর্ণ ভবনগুলো আজও প্রাচীনত্বের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু যারুকু নাথ সরকার (মার্চ ১৮৮৫ থেকে সেপ্টেম্বর ১৮৮৫)। বর্তমানে দুই শিফটে বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার।
আলোকিত গুণীজন ও কৃতি শিক্ষার্থীরা
খুলনা জিলা স্কুল তার দীর্ঘ যাত্রায় বহু প্রথিতযশা মনীষী, বরেণ্য ব্যক্তিত্ব ও দেশসেরা মেধাবী তৈরি করেছে।
শিক্ষকবৃন্দ: প্রখ্যাত সাহিত্যিক আবুল ফজল ১৯৩৩ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
সামরিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব: প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি ১৯৩৬ সালে এই বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এছাড়া সাবেক সচিব জনাব আশরাফুল মকবুল, জনাব শেখ ওয়াহিদুজ্জামানসহ বহু সচিব ও যুগ্ম সচিব এখান থেকে শিক্ষা লাভ করেছেন। আপিল ডিভিশনের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মোহাঃ রেজাউল হক এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক মরহুম তাজিমুল হোসেন সাহেবের সুযোগ্য পুত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রসচিব জনাব আসাদ আলম সিয়ামও এই বিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন।
রাজনীতি ও বিচার বিভাগ: জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ছাত্র ফ্রন্টের সংগঠক নিজাম মোহাম্মদ সিরাজুল আলম খান, সাবেক মন্ত্রী খান-এ-সবুর, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টা ড. সি. এস. করিম এবং বিচারপতি মকসুমুল হাকিম এই স্কুলের ছাত্র ছিলেন।
সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম: ‘আব্দুল্লাহ’ উপন্যাসের লেখক ইমদাদুল হক, প্রখ্যাত কবি ফররুখ আহমদ, শিক্ষাবিদ ও নাট্যকার নুরুল মোমেন, কথাশিল্পী আনিস সিদ্দিকী, বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান; জনপ্রিয় অভিনেতা নাদিম, গোলাম মোস্তফা, ঊজ্জ্বল, নাজমুল হুদা এবং প্রয়াত নায়ক সালমান শাহ এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
খেলাধুলা: ক্রিকেট অঙ্গনে জাতীয় দলের কৃতি খেলোয়াড় মাঞ্জারুল ইসলাম রানা এবং উইকেটকিপার-ব্যাটার নূরুল হাসান সোহানসহ অসংখ্য কৃতি ক্রীড়াবিদ এই প্রতিষ্ঠানেরই গর্ব।
বর্তমান পরিকাঠামো ও শিক্ষা কার্যক্রম
বর্তমানে বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হচ্ছে:
প্রভাতি শাখা: সকাল ৭:১৫ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (৩য় থেকে ৫ম শ্রেণি: সকাল ১১:২০ পর্যন্ত)।
দিবা শাখা: দুপুর ১২:১৫ টা থেকে বিকেল ৫:২০ টা পর্যন্ত (৩য় থেকে ৫ম শ্রেণি: বিকেল ৪:৪৫ পর্যন্ত)।
বর্তমানে বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষক-শিক্ষিকা অত্যন্ত নিষ্ঠার সাথে পাঠদান করে চলেছেন। বিদ্যালয়টি একটি ব্যবস্থাপনা কমিটির (ম্যানেজিং কমিটি) মাধ্যমে পরিচালিত হয়, যেখানে পদাধিকার বলে জেলা প্রশাসক মহোদয় সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সদস্য হিসেবে যুক্ত রয়েছেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ, শিক্ষা প্রকৌশলী ও সিভিল সার্জন।
সহপাঠ্যক্রম ও অর্জন
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমেও জিলা স্কুলের শিক্ষার্থীরা সবসময় শীর্ষস্থান অধিকার করে আসছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন এবং সংগীত প্রতিযোগিতায় তারা নিয়মিত সাফল্যের স্বাক্ষর রাখছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে:
- কৃষি শিক্ষা বিভাগ ও বিজ্ঞান চর্চা কেন্দ্র
- বিএনসিসি, স্কাউটস ও রেড ক্রিসেন্ট কার্যক্রম
- সমৃদ্ধ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম
বিদ্যালয়ের লাইব্রেরিটি অত্যন্ত প্রাচীন, যেখানে ৬ হাজারের অধিক দুর্লভ ও মূল্যবান গ্রন্থ রয়েছে। এস.এস.সি পরীক্ষায় যশোর বোর্ডে টানা ছয়বার প্রথম স্থান অর্জনের গৌরব রয়েছে এই প্রতিষ্ঠানের। পাশাপাশি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, সমাপনী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় জাতীয় ও স্থানীয় মেধাতালিকার শীর্ষস্থান অধিকার করা এ স্কুলের দীর্ঘদিনের ঐতিহ্য। বিশেষ করে জুনিয়র বৃত্তি পরীক্ষায় এখানকার শিক্ষার্থীরা প্রায়ই মেধা তালিকার প্রথম ৫ জনের মধ্যে স্থান পেয়ে থাকে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই অদম্য গতিতে এগিয়ে চলা খুলনা জিলা স্কুল আজ আধুনিক সুযোগ-সুবিধা ও নান্দনিক রূপের সাথে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছে। এর সুবাসিত আলোকচ্ছটা আজ দেশ পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি লাভ করেছে।
মোহাম্মদ ফারুকুল ইসলাম
প্রধান শিক্ষক
খুলনা জিলা স্কুল, খুলনা।